গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সাথে বিভিন্ন অঞ্চলে দাপট দেখাচ্ছে তাপপ্রবাহও। এরই ধারাবাহিকতায় আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষে বাড়তে পারে তাপমাত্রা।
এ দিকে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। পাশাপাশি এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।